logo

ঈদ হোক সামাজিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম: চরমোনাই পীর 

ঈদ হোক সামাজিক সম্পর্ক উন্নয়নের মাধ্যম: চরমোনাই পীর 

ঈদকে সামাজিক সম্পর্ক উন্নয়নে কাজে লাগাতে হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ঈদ বাঙালির হাজার বছরের চর্চিত একটি প্রধান উৎসব। অতীতের সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য মিশে আছে এই উৎসবের সঙ্গে। 

বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, রমজানের পুরো মাস আমরা সিয়াম-সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি। ফলে ব্যক্তিজীবনে এক ধরনের শুদ্ধতা এসেছে। জাতীয় জীবনেও শরিয়া পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সফলতা আসবে।

ঈদের উৎসবে ভিনদেশি অপসংস্কৃতি প্রবেশের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, ঈদ একটি ধর্মীয় ইবাদত। হজরত ওমর (রা.) গুনাহ মাফ না হওয়ার ভয়ে ঈদের দিন কান্না করতেন। তাই ঈদ পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। ভিনদেশি অপসংস্কৃতি যাতে ঈদের উৎসবে প্রবেশ না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, সমাজের গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। সামাজিকতার কারণে যারা দারিদ্র্যকে আড়াল করে রাখে, তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজের একজন ব্যক্তিও যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। 

চরমোনাই পীর বলেন, অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ালে অন্তর্ভুক্তিমূলক ঈদ উদযাপন করতে পারব আমরা।