logo

দেশের স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

দেশের স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, ‘সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়।’

সংখ্যাগরিষ্ঠতার বলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘তবে সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে জাতির উপকার হবে।’

বাংলাদেশ দুবার স্বাধীন হলেও জনগণ সুফল পায়নি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা অঙ্গীকার মতো দুটি শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সরকার এখনও শপথ নেয়নি।’

জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।’

জামায়াত আমির বলেন, ‘সব ব্যাপারে সংসদের অভিভাবক স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে প্রাপ্য সুযোগ দেবেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই, সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের যেটুকু প্রাপ্য, সেটুকু পেলেই চলবে। আমরা আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’