নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টাকে মেঘনা আলমের খোলা চিঠি

নির্বাচনি নিরাপত্তা প্রদানে চরম বৈষম্য, অবহেলা ও সম্ভাব্য ক্ষতির দায় নির্ধারণ করতে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি লেখেন।
মেঘনা আলম চিঠিতে লেখেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আমার নিরাপত্তা বিষয়ে যে চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করা হচ্ছে, সে বিষয়ে আমি আপনার (প্রধান উপদেষ্টার) সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি। একই দিনে বহু নতুন এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতাকে গানম্যান প্রদান করা হয়েছে। অথচ আমি একজন সংসদ সদস্য প্রার্থী, দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ আসনের একমাত্র নারী প্রার্থী, যিনি অন্যদের তুলনায় অধিক পরিচিত এবং যার বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির হুমকি রয়েছে, সেই সঙ্গে নারীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, তবুও আমি কোনো ধরনের নিরাপত্তা সহায়তা পাইনি।
মেঘনা আলম বলেন, স্পেশাল ব্রাঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে তারা আমার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন এবং উদ্বিগ্ন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন ছাড়া তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। উল্লেখযোগ্য, অতীতে আমাকে কোনো মামলা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আইনি নথি ছাড়া বেআইনিভাবে আটক করা হয়েছে, যা দেশের জনসাধারণের নজরে এসেছে। আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে লিখিতভাবে জানাচ্ছি, আল্লাহ না করুন, নির্বাচনি প্রক্রিয়ায় আমার বা আমার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি শারীরিক বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হন, তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর; বিশেষ করে স্বরাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ওপর, যাকে আমি সরাসরি বিষয়টি অবহিত করেছি।
হুঁশিয়ারি দিয়ে মেঘনা আলম বলেন, জাতির কাছে স্পষ্ট করে জানাচ্ছি, আমাকে জেনেশুনে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জাতি বিচার করবে এই অবহেলা ও দায়িত্বহীনতার জন্য। অবিলম্বে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।