১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনি জনসভায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে বিমানযোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সরাসরি মাদরাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। একইদিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন।
একই দিনে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করবেন এবং জেলা বিএনপি আয়োজিত শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এর আগে গত রোববার জনসভাস্থল পরিদর্শন শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা তারেক রহমানের বগুড়া সফরের আগাম বার্তা দেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। বগুড়া জেলার ৪১ নম্বর সংসদীয় আসন বগুড়া-৬ (সদর) সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি আসন, যা বিএনপির ঘাঁটি হিসেবে জনগণের কাছে পরিচিত।
উল্লেখ্য, দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
বগুড়ায় তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদরের প্রতিটি গ্রাম-মহল্লায় আনন্দের জোয়ার বইছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে বিএনপি।