বিএনপির শাসন কেমন হবে, জনগণ দুই মাসেই বুঝে গেছে: মঞ্জু

ভবিষ্যতে বিএনপির শাসন কেমন হবে—জনগণ দুই মাসেই সেটি বুঝে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, বিএনপি কী আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে, নাকি আদতেই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে—গত দুই মাসে জনগণ আঁচ করতে পেরেছে।
এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে শনিবার (২ মে) সংক্ষিপ্ত সমাবেশে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন।
তিনি বলেন, অনেকেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন, কিন্তু স্লোগানগুলো হৃদয় দিয়ে ধারণ করেন না। বিএনপি সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে দলীয় নীতিতে চলে গেছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ইচ্ছায়-অনিচ্ছায় হেয়প্রতিপন্ন করার চেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর পরিবর্তন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ, বিসিবিতে মন্ত্রীর সন্তানরা, শিক্ষাপ্রতিষ্ঠান দখলের মহড়া, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের আতঙ্ক, দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়াবহতাসহ শত শত ঘটনা ও পরিসংখ্যান পরিষ্কার বার্তা দেয়, বিএনপির আগামী ৫৮ মাস কেমন যাবে।
তিনি বলেন, এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হচ্ছে, আমাদের স্বপ্ন আমরা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবই।
সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমানে নতুন রাজনীতির বন্দোবস্ত একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। প্রতারণামূলক পুরোনো রাজনৈতিক ধারার অবসান ঘটিয়ে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
এদিকে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, প্রতিবাদ থেকেই আমার বাংলাদেশ পার্টির (এবি) উত্থান হয়েছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, এবি পার্টি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ছাত্রশক্তি গঠনের আগেও পাশে ছিল। সব রাজনৈতিক শক্তির সম্মিলিত ত্যাগের ফলেই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ন্যাপের সভাপতি জেবালুর রহমান গণি, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অনেকেই উপস্থিত ছিলেন।