logo
Advertisement

মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ চলবে: জামায়াত আমির

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ চলবে: জামায়াত আমির
মীর কাশেম আলী। ছবি: গণমাধ্যম হতে পাওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম দীর্ঘকাল অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

মীর কাসেম আলীর দশম মৃত্যুবার্ষিকী সামনে রেখে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মীর কাসেম আলীকে অর্থনীতিবিদ, সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তার অবদানের কথা স্মরণ করেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আজীবন কাজ করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

জামায়াত আমিরের ভাষ্য, ইসলামী ব্যাংক ও বিমা, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মীর কাসেম আলী অগ্রণী ভূমিকা রেখেছেন। বিশেষ করে দরিদ্র মানুষের কাছে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌছে দিতে তাঁর নেওয়া উদ্যোগের সুফল এখনো মানুষ পাচ্ছেন।

মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়েও বিবৃতিতে কথা বলেন শফিকুর রহমান। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি অভিযোগ করেন, মীর কাসেম আলীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছিল।

২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট একটি হত্যার অভিযোগে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ২০১৬ সালের আগস্টে পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন। ওই বছরের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়। বিচারপ্রক্রিয়া নিয়ে সে সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ জানিয়েছিল।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘দেশে তিনি যে জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন, তা ইনশাআল্লাহ দীর্ঘকাল অব্যাহত থাকবে। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

মীর কাসেম আলীর রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াত আমির।