Advertisement

জ্বলন্ত আগুনের ওপর বসে দেশ পরিচালনা করেছেন ড. ইউনূস: ব্যারিস্টার ফুয়াদ

এশিয়া পোস্ট ডেস্ক
জ্বলন্ত আগুনের ওপর বসে দেশ পরিচালনা করেছেন ড. ইউনূস: ব্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার ফুয়াদ। ছবি: সংগৃহীত

জ্বলন্ত আগুনের ওপর বসে ড. মুহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রযন্ত্রের চারপাশ ছিল নানামুখী সংকট ও প্রতিকূলতায় ঘেরা। এমন পরিস্থিতিতেও ড. ইউনূস রাষ্ট্রকে সচল রাখতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের আমলাতন্ত্রের একটি বড় অংশ পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী ছিল এবং তারা নতুন সরকারকে ন্যূনতম সহযোগিতা করতে আগ্রহী ছিল না। ফলে সরকারকে শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।

তিনি আরও বলেন, সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশ ছিল একটি ডুবন্ত টাইটানিকের মতো অবস্থায়। অর্থনীতি সংকটাপন্ন ছিল এবং রাষ্ট্র বিভিন্ন ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে দুর্ভিক্ষ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও ছিল বলে তিনি উল্লেখ করেন।

ফুয়াদ বলেন, ভারতের পক্ষ থেকে পরিচালিত গুজব ও অপপ্রচার এবং দেশের ভেতরে আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর বিভিন্ন ধরনের তৎপরতার মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় অর্জন। তার মতে, এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে ড. ইউনূসের নেতৃত্ব রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ড. ইউনূস এমন একটি সংকটময় সময়ে দায়িত্ব পালন করেছেন, যার মূল্যায়ন প্রচলিত মানদণ্ডে করা কঠিন। তার দাবি, নানা প্রতিকূলতা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।