logo
Advertisement

জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয় 

জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয় 

জাতীয় পার্টি কোনো আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়। শনিবার বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন জয়। 

জাতীয় পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন জয়। এই দল কোনো আসন পায়নি এটা ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, ‘বৃহত্তম ও পুরোনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে।’ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে বলে উল্লেখ করেন তিনি। ‘মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে’ এমন মন্তব্য করে জয় বলেন, “হ্যাঁ সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে।” 

জয় আরও বলেন, ‘আমাদের ৪০ শতাংশ ভোট আছে। জাতীয় পার্টির রয়েছে আরও ৫ থেকে ১০ শতাংশ, সুতরাং তাদের সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না।’  

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সঙ্গে কথা বলতে রাজি কি না। এর জবাবে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যে টরি ও লেবার পার্টির মতো—যেখানে এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না।’ 

এদিকে নির্বাচনে জামায়াতে ইসলামী জোটের ফল নিয়ে প্রশ্ন তোলেন জয়। তিনি বলেন, ‘জামায়াত যেখানে সাধারণত ৫-১০টার বেশি আসন জিতে না সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে, সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না।’