নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি বক্তব্য বিকৃত করছে: এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা দমনে ব্যর্থ হয়ে সরকার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে তীব্র নিন্দা ও প্রতিবাদও জানানো হয়েছে।
বিবৃতিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের তিনটি দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত ও বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মূল বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এনসিপি নেতারা উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রকৃত বক্তব্যটি ছিল, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে দরকার সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার। এ তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’
এনসিপির পক্ষ থেকে বলা হয়, মূল বক্তব্যটি ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশের আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার একটি সুস্পষ্ট প্রস্তাবনা। কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পুরো বক্তব্য ঢেকে দিয়ে কেবল সুবিধাজনক অংশ কেটে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অসৎ চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।
বিবৃতিতে অভিযোগ করা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা সারা দেশে আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এসব নাশকতা দমনে চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের এ নগ্ন ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকতেই এনসিপি ও বিরোধী দলের ওপর দায় চাপানোর অপকৌশল নেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব স্পষ্ট করে জানান, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। অপপ্রচার চালিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমানো যাবে না।
অবিলম্বে মিথ্যাচার বন্ধ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নাশকতা রুখতে দল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানায় এনসিপি।
