জুলাই সনদ বাস্তবায়ন না করে শহীদদের সঙ্গে বেইমানি করেছে সরকার: রাশেদ প্রধান

গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের অবসান ঘটেনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘শহীদ আবু সাঈদ দিবস’ উপলক্ষে ঢাকার পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ঢাকা মহানগর জাগপা আয়োজিত ‘রক্তাক্ত জুলাই ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ক্ষমতায় এসে সরকার শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাকে পদদলিত করছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে নাগরিক অধিকার ও ইনসাফের যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নের পরিবর্তে উপেক্ষা করা হয়েছে। তার ভাষায়, এই পরিস্থিতিতে জনগণের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি।
শহীদ আবু সাঈদকে স্মরণ করে রাশেদ প্রধান বলেন, স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দাঁড়ানোর তার সাহসী দৃশ্য কোটি মানুষের মধ্যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল, যা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দুঃশাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ ও শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং ঢাকা মহানগর ছাত্রকাফেলা সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।
.png)






