বিএনপি জোটকে চায় ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভাবনা নিয়ে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের তৃতীয় ধাপের জরিপ প্রকাশ করেছে। জরিপে অংশ নেওয়া ৫২ দশমিক ৮০ শতাংশ মানুষ বিএনপি জোটকে এবং জামায়াত ও এনসিপি জোটকে ৩১ শতাংশ মানুষ ভোট দিতে চায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির প্রকাশিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’-তে আরও দেখা যায়, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ১ শতাংশ সমর্থন আছে। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩ দশমিক ২০ শতাংশ মানুষের।
এ ছাড়া জরিপে ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান। ২২ দশমিক ৫ শতাংশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে এবং ২ দশমিক ৭ শতাংশের মতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। তবে, ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা জানেন না ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন।
নির্বাচনে শেষ পর্যন্ত কারা কত ভোট পেতে পারে, এমন প্রশ্নে বিএনপি ও তাদের জোট ৫২ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারেন বলে উত্তরদাতারা মত দিয়েছেন।
জরিপে আরও বলা হয়, আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে এবং ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ৪১ দশমিক ৩ শতাংশ এখনও সিদ্ধান্তহীন।
এদিকে, গণভোটের বিষয়ে প্রায় ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে মত দিয়েছেন। ২২ শতাংশ জানিয়েছেন, গণভোটের বিষয়ে তারা জানেন না।
ইনোভেশন কনসাল্টিং জানায়, চলতি বছরের জানুয়ারির ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৫ হাজার ১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে তারা এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের কাছ থেকে ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে জনমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ—এই ছয় বিষয়ে মতামত নেওয়া হয়।