logo

রিয়াদে হুতির হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি

রিয়াদে হুতির হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি
বাঁ থেকে মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সঙ্গে আশরাফ মাহদিসহ এনসিপি নেতারা ও নাসরুল্লাহ বদর। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবে হুতির হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গিয়ে মরহুমের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে যুক্ত হয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।

সাক্ষাৎকালে আশরাফ উদ্দিন মাহদি এবং এনসিপির জেলা-উপজেলা ও ওলামা অ্যালায়েন্সের নেতারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিবারের সদস্যরা জানান, এর মধ্যে মরহুমের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করতে মুফতি নাসরুল্লাহর ভগ্নিপতি সৌদি আরবে উপস্থিত হয়েছেন।

আশরাফ উদ্দিন মাহদি বলেন, নাসরুল্লাহ ভাই লালবাগ মাদ্রাসায় পড়ার সময় আমাদের চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় দীর্ঘ সময় কিতাব মুতায়ালা করতে দেখতাম। কখনো ফজরের নামাজ আদায় করে দেখেছি তিনি সারারাত কিতাব নিয়ে বসে আছেন। তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটার জন্য। আল্লাহ তাআলা তার ইহরামের কাপড়কে কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে আজীবনের জন্য তার ঘরের মেহমান বানিয়ে নিয়েছেন।

তিনি বলেন, এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের খোঁজখবর নেন।

নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহকে নাহিদ ইসলাম বলেন, মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই আপনারা এর উত্তম প্রতিদান পাবেন।

এনসিপি নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার পরিবারকে ধৈর্যধারণের তৌফিক কামনা করেন।