logo

এনসিপি নির্বাচনে যাবে কি না, বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ

এনসিপি নির্বাচনে যাবে কি না, বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব কি না, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে।’

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কি না, তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি।’

এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ আখ্যায়িত করে আসিফ মাহমুদ বলেন, ‘আজ পুরো জিনিসটা একধরনের নাটকের মতো মঞ্চায়িত হচ্ছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্রদলের ২-৩ হাজার নেতাকর্মী একধরনের মব সৃষ্টি করেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে; যে দিন আপিল শুনানির শেষ দিন। বাইরে থেকে তারা একটা এক্সটারনাল প্রেশার তৈরি করে রেখেছে।’

আসিফ মাহমুদ বলেন, রায়ের পূর্ব মুহূর্তে যে অপরাধী বা অপরাধীর পক্ষের, তাদের সঙ্গে বসে বিচারক রায় দেন। সেই রায় কোনোভাবেই নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। আমরা দেখলাম কমিশনার সদস্যরা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় তাদের (বিএনপির একদল নেতা) সঙ্গে ডিসকাস করেছেন। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকের সঙ্গে বৈঠক করলেন। এরপর তারা এসে রায় দিলেন। এটা যে একপাক্ষিক হয়েছে, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।’