দ্বিতীয় লড়াই হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন খালি না থাকে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সে সব জায়গা থেকে যোগ্য লোকদের নির্বাচন করে তাদের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব তুলে দিতে চাই। আমাদের এই ক্ষেত্রে অনেক যত্নবান ও আত্মত্যাগী হতে হবে।
সংসদ নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে স্পষ্ট। যেখানেই যাচ্ছি মানুষ আমাদের বলে, আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।
সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে জানিয়ে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি বড় অর্জন হয়েছে। প্রথমত, এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে অর্থবহ একটি ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করতাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। তৃতীয়ত, এবার আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সবাই তা জানেন।
শফিকুর রহমান বলেন, এই ছয় শক্তি আমাদের মোকাবিলা করতে পারত না, যদি অন্যকিছুর আশ্রয় না নিত। এই অন্যকিছুর আশ্রয়ের বিষয়টি এখন শুধু আমরা বলছি না, টিআইবি বলেছে, সুজনও এ কথা বলছে, আরও অনেকে এ বিষয়ে কথা বলছে। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের আবার লড়াই চালাতে হবে। এখন থেকেই আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, ঢাকার বস্তিগুলোতে গিয়ে বড় বড় ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু এসব বস্তিতে টাকা, ওয়াদা, সন্ত্রাস—কোনোকিছুই কাজ করেনি। ফলাফলেও তা স্পষ্ট দেখা গেছে। এসবের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে—আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তিপ্রিয় মানুষের বাংলাদেশ হবে। আমরা থামব না ইনশাআল্লাহ, কেউ আমাদের থামাতে পারবেও না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
এদিন নগরের বন্দরবাজারে কুদরত উল্লাহয় জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে। এসব কাঁচা কথাবার্তা অপরাধ উসকে দিচ্ছে। এরকম দায়িত্ব-জ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে।
রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এক প্রশ্নে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন জানিয়ে তিনি বলেন, বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল, সেটাই করা হবে।
তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারদলীয় কেউ যাতে এসব অপরাধের দায়-দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। না হলে অপরাধ দূর করা সম্ভব নয়। তারা সদিচ্ছার পরিচয় দিলে সমাজ ভালো হবে। সরকার যদি জনগণের ভালো করে, তবে অবশ্যই তাদের সঙ্গে থাকবে জামায়াত।