জামায়াত আমিরের সফরকে ‘ভাইরাল রোগ’ আখ্যা রাশেদ খানের

চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়া ডা. শফিকুর রহমানের কর্মকাণ্ডকে ‘ভাইরাল রোগ’ বলে সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাশেদ খান দাবি করেন, সরকারের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় ইতোমধ্যে ১০টি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, দুর্যোগকবলিত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা ও ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সব সামগ্রী বিতরণ এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বন্যাদুর্গত এলাকায় প্রশাসনের কেউ যায়নি এমন অভিযোগ অস্বীকার করে বিএনপির এই নেতা বলেন, জামায়াতের আমির যাওয়ার আগেই বন্যা দুর্গত প্রত্যেক এলাকায় স্থানীয় এমপিরা গিয়েছেন। জামায়াতের আমির যেহেতু বিরোধী দলীয় নেতা স্বাভাবিকভাবেই তিনি যে সময় যাবেন সেটা একটু বেশি মিডিয়ায় প্রচার হবে।
জামায়াত আমিরের পানিতে নেমে পরিদর্শনের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত আমির যেভাবে পানির মধ্যে পাঞ্জাবি খুলে টিশার্ট পরা অবস্থায় নেমে গেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার মনে হয় জামায়াত আমিরের দায়িত্ব ছিল পানির মধ্যে নেমে যাওয়া নয়, তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তাকে আসলে ভাইরাল রোগে পেয়েছে।
তিনি আরও যোগ করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সার্বক্ষণিক পানিতে ভিজে কাজ করছেন। কিন্তু তিনি জামায়াত আমিরের মতো পাঞ্জাবি খুলে ভাইরাল হতে পারেননি বলেই সমালোচকরা তার কাজ দেখতে পাচ্ছেন না।




