Advertisement

‘গণ-অভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘গণ-অভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকসহ অতিথিরা। ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যতিক্রম ছাড়া দেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব ও আচরণে বড় কোনো পরিবর্তন আনতে পেরেছে, এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি বলেন, রাজনীতি এখন দ্রুত ক্ষমতা ও অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যেও ক্ষমতা ও ক্ষমতার মোহ জাগিয়ে তুলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেকটাই বিনষ্ট করা হয়েছে।

Advertisement

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের বড়ই খরা চলছে। যারা নিজেদের উজাড় করে দিয়ে দেশ ও মানুষের জন্য সারাজীবন উৎসর্গ করবেন, এমন নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে।

তিনি বলেন, ‘কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন ঠিক এই প্রকৃতির একজন মানুষ।’

কমরেড খন্দকার আলী আব্বাসের মতো নেতাদের রাজনৈতিক জীবন ও আদর্শ আজকের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে সাইফুল হক বলেন, দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার যে রাজনৈতিক আদর্শ তিনি ধারণ ও চর্চা করেছেন, বর্তমান রাজনীতির সংকট উত্তরণে সেই আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়া জরুরি।