logo

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চায় লেবার পার্টি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চায় লেবার পার্টি
প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিচ্ছেদ ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দল। ছবি : বাংলাদেশ লেবার পার্টির সৌজন্যে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ জন্য প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের তপশিল ঘোষণারও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও দপ্তর সম্পাদক মো. মিরাজ খান।

স্মারকলিপি দেওয়ার পর লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করছেন। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন এবং নিজ নিজ এলাকার পরিবার, সম্পত্তি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি বলেন, বিদেশে অবস্থানের কারণে এসব নাগরিকের নাগরিকত্ব বা নিজ এলাকার সঙ্গে সম্পর্ক বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী যোগ্য ও নিবন্ধিত প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রয়েছে। এই অভিজ্ঞতা এবং নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রবাসী ভোটারদের জন্য নিরাপদ ও স্বচ্ছ পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করা সম্ভব। বর্তমানে বাংলাদেশের আইনে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিধান রয়েছে।

লেবার পার্টির দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে যোগ্য প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানো, এনআইডি ও ভোটার তথ্যের ভিত্তিতে প্রবাসী ভোটারের নিজস্ব নির্বাচনী এলাকা নির্ধারণ এবং অনলাইন নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা।

এ ছাড়া ব্যালট প্রেরণ, ফেরত গ্রহণ ও গণনায় স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা, দ্বৈত ভোট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ভোটিং বিষয়ে প্রবাসীদের তথ্য সহায়তা এবং প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

প্রয়োজন হলে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালু এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণারও দাবি জানানো হয়েছে।