logo

সংসদে কথা বলার পরিবেশ না থাকলে রাজপথেই ফয়সালা: নাহিদ

সংসদে কথা বলার পরিবেশ না থাকলে রাজপথেই ফয়সালা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকলে রাজপথেই ফয়সালা হবে। সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

এনসিপির আহ্বায়ক বলেন, গণ-অভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদের। অথচ, বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ছাত্রদের করা অভ্যুত্থানের সুফল ভোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল।

সংস্কার পরিষদের শপথ ইস্যুতে তিনি বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংস্কার পরিষদের শপথ গ্রহণ যদি না হয়, তাহলে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। কারণ, জনগণ ভোট দিয়েছে সংস্কারের জন্যই। 

নাহিদ ইসলাম বলেন, শুধু ব্যক্তি পরিবর্তন নয়, জনগণ স্বৈরাচারী কাঠামোর পতন চেয়েছিল। কিন্তু বর্তমানে সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।