logo

শাহবাগে ‘গুপ্ত রাজনীতি’ অভিযোগে ছাত্রদলের তোপে ডাকসু ভিপি

শাহবাগে ‘গুপ্ত রাজনীতি’ অভিযোগে ছাত্রদলের তোপে ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নেতার ওপর শাহবাগ থানার ভেতরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজধানীর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘিরে পরে থানায় তাদের উদ্ধার করতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। সেখানে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তারা সেখান থেকে সরে ডাকসু ভবনের দিকে চলে যান।

ঘটনার শুরু সন্ধ্যার দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জাইমা রহমানকে নিয়ে একটি আপত্তিকর পোস্টকে ঘিরে সেটিকে ভুয়া দাবি করে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় যান ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় থানায় উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরাও।

এর কিছুক্ষণ পর ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ থানায় প্রবেশ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ছাত্রদল সংশ্লিষ্টরা তাদের ঘিরে ধরে কিল-ঘুষি মারেন। পরে ঘটনাস্থলে গেলে আরও কয়েকজন ডাকসু নেতা হামলার শিকার হন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে সমাজসেবা সম্পাদক জুবায়ের, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভির নাম এসেছে।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তাদেরও মারধরের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে পৌঁছালে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ছাত্রদল নেতাকর্মীরা তার বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ তোলেন এবং অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে স্লোগান দেন।