সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সংসদে ডিবেট হবে, পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মতপ্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে।
রোববার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মঈন খান।
তিনি বলেন, তবে আমরা চাই সংসদে যেন বাস্তবধর্মী কথা হয়, যুক্তিতর্কের কথা হয়। আবেগ দিয়ে কথা হলে সেটি সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে না।
এর আগে তিনি মেডিকেল শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তারা বক্তব্য দেন। এ বছর দেশি-বিদেশি মিলে ১৩০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তাদের। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।