বায়তুল মোকাররমের খতিবের বিরুদ্ধে ষড়যন্ত্র মানা হবে না: জমিয়ত

জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালেকের কিছু হলে এ দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। তার দাতভাঙা জবাব দেবে। এ দেশের ইসলামপ্রিয় জনতার আস্থাশীল ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমী ও দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিন ইয়ামিনের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতি জাবের কাসেমী প্রমুখ।
আবদুর রব ইউসুফী বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও নৈরাজ্যের শিকার। এসব অপকর্ম বন্ধ করে জনগণের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচার করে তা কার্যকর করতে হবে।
তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা শুধু দাওয়াত খাওয়ার জন্য ভারতে যাব না।
মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া বলেন, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ করতে হবে। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
সভাপতির বক্তব্যে মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোর দাবি জানান।
