logo

‘তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে’

‘তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে’
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

গণভোটের রায় মানতেও বিএনপি সরকার বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণভোটের রায় না মানায় পতিত ফ্যাসিবাদ ফেরার পথ খোঁজার সুযোগ পেয়েছে। কিন্তু দেশের জাগ্রত ছাত্র-জনতা ফ্যাসিবাদের কবর রচিত করবে।’

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

Advertisement

শফিকুর রহমান বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণভোটের রায় সরকার মানবে বলে প্রত্যাশা করছি।’

এদিকে, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদের একটি নির্বাচনের জন্য বর্তমান কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে ‘রেডি’ হতে বলেছেন জামায়াত আমির।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উম্মা উসওয়াতুন রাফিয়া জামায়াত আমিরকে প্রশ্ন করেন, ‘আমরা যখন দেখলাম প্রত্যেকটা ছাত্র সংসদে শিবিরের যে প্যানেলটা ছিল, এখানে আমরা কোনো ছাত্র সংসদে দেখিনি যে ভিপি, জিএস, এজিএস পদে কোনো নারীকে রাখা হয়েছে। আমরা কি ভবিষ্যতে দেখতে পারি যে, এখানে কোনো নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে?’

জবাবে জামায়াত আমির বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আশা করি, শিবির এটা ওয়েলকাম করবে।’

এ সময় রাফিয়া বলেন, ‘আমার জন্য না, আমার সেই ইচ্ছাটাও নাই। আমি অন্যান্যদের কথা বলছি।’

জবাবে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে সিম্বলিকভাবে বলছি, তুমি রেডি হও।’

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট