logo

‘আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না’

‘আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না’

আমরা ঘোষণা দিলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, আমরা ভেসে আসি নাই। আন্দোলন-সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও বহু ভাইয়ের রক্ত রয়েছে।

জামায়াতের একজন প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর তারা হঠাৎ করে বের হয়েছে। ২৪-এর আগস্টের পর এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে।

ইশরাক বলেন, ভোরবেলায় যখন রাস্তাঘাটে জনগণ থাকতো না, তখন তারা চুপ করে অন্ধকারে বের হতো এবং মিছিল করে চলে যেতো—এই ছিল তাদের আন্দোলন। আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, ঢাকা শহরের সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই তারা তাদের নেতাকর্মীদের সাহস জোগাতে বিভিন্ন কথা বলছেন।