logo

বাজেট ঘাটতি ও ঋণনির্ভর, অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে: এবি পার্টি

বাজেট ঘাটতি ও ঋণনির্ভর, অর্থনীতিকে ঝুঁকিতে ফেলবে: এবি পার্টি
ফাইল ছবি

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতৃবৃন্দ বলেছেন, ঘাটতি ও ঋণনির্ভর এই বাজেটে বিদ্যমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

বৃহস্পতিবার (১১ জুন) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, আড়াই লাখ কোটি টাকার ঘাটতি রেখে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবতার চেয়ে কাগুজে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এটি জনগণকে পরিসংখ্যানের মোড়কে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা।

নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর কোনো কর্মপরিকল্পনা নেই। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের পথ উন্মুক্ত না করে সরকার কর বৃদ্ধি ও ঋণের ওপর নির্ভর করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাড়তি করের চাপের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।

এবি পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী আমলে যেভাবে পরিসংখ্যানের মাধ্যমে অর্থনীতির বাস্তব চিত্র আড়াল করা হতো, বর্তমান বাজেটেও সেই একই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। অথচ রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের অপচয় কমানো এবং দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ বাজেটে দৃশ্যমান নয়।

কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার অভাব রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই বাজেট জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সবশেষে, উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, ব্যয়সংকোচন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানায় এবি পার্টি।