কলকাতার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র কি না, তার আন্তর্জাতিক তদন্ত হোক: ফারুক হাসান

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তিনি বলেন, অবাক কাণ্ড! কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন নিহতের ভেতর ৫ জনই বাংলাদেশি। বিষয়টি বেশ সন্দেহের, আন্তর্জাতিকভাবে এর তদন্ত হওয়া জরুরি।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর সব দেশকে বিশ্বাস করলেও ইসরায়েল এবং ভারতকে আমি বিশ্বাস করি না।
ফারুক হাসান বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড শক্ত কূটনীতি ভারতীয়রা মেনে নিতে পারছে না। তারা মনে করেছিল, হাসিনার শাহেনশাহ আমলের মতো বাংলাদেশ ভারতকে কুর্নিশ করবে, কিন্তু বাংলাদেশের চিত্র এখন ঠিক তার উল্টো।
বাংলাদেশ সরকারের কাছে এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতকে কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করেছে, যেটা বিগত ৫৫ বছরে ছিল একটা স্বপ্নের মতো।
ফারুক হাসান আরও বলেন, কিছুদিন আগে একটি গবেষণায় দেখা গেছে, ভারতের ২৪ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে এবং ৭৬ শতাংশ মানুষ নেতিবাচক। এদিকে বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ভালো ধারণা পোষণ করে বলেও জানান তিনি।



