উপনির্বাচনের পর আগামী নির্বাচনে সেনাবাহিনী চান গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের পর আগামী দিনের নির্বাচনগুলোয় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণের চেষ্টা করেছে প্রশাসন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাকুরগাঁওয়ের ভোট আগামীর নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন সামনে এনেছে।’
তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত নির্বাচন কমিশনে যেসব অভিযোগ দেওয়া হয়েছে, তার একটিরও সুরাহা করা হয়নি।’
অভিযোগ করে সেক্রেটারি জেনারেল বলেন, ‘কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভোটারদের সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।’
বিএনপির নেতাকর্মীরা ভোটারদের মানসিক চাপ প্রয়োগ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা।
এর আগে সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। ফলে এ আসনে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
