আমরা একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি।
রাজধানীর একটি হোটেলে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা গণতন্ত্র, সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা এবং বাস্তবতা স্বীকার করাই আমাদের রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ বলে মনে করি।
তিনি বলেন, দীর্ঘদিনের দলীয়করণ, ক্ষমতার কেন্দ্রীকরণ ও বিচারহীনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। ফলে নাগরিক অধিকার সংকুচিত হয়েছে। শাসন ব্যবস্থায় জবাবদিহিতা ভেঙে পড়েছে।
এনসিপির মুখপাত্র বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এনসিপির প্রতি দেশবাসীর আকাঙ্ক্ষা রয়েছে। আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনেছি। তাদের দাবিগুলো জেনেছি। সবার কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন করবে।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা অনেক ইশতেহার দেখেছি। তবে, আমরা বাস্তবতার নিরিখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি, ততটুকুই দেশের মানুষকে প্রমিস করতে চাই।
তিনি বলেন, গণতন্ত্র এবং ভোটাধিকার থেকে দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়ে আসছে। সেই ভোটাধিকারের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।