logo

জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনের ডাক

জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনের ডাক

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। চলমান এসব ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন পালিত হবে। 

এর আগে, ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বিবৃতিতে বলা হয়, ঢাকার হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় তাহেদী আক্তার জান্নাত নামে ৬ বছরের এক শিশু এবং নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় জামায়াত গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। তাদের ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। 

‘নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধী—তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।’

জামায়াত আরও জানায়, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। ধর্ষকরা বিএনপি অথবা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ঢাকা ও নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক অতি দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।