অন্তর্বর্তী সরকারের ‘বিতর্কিত’ চুক্তি নিয়ে জামায়াত আমিরের পোস্ট

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল’ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এমন মন্তব্যে জামায়াতের অবস্থান স্পষ্ট করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’
তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি জানিয়ে জামায়াতের আমির আরও লিখেছেন, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে এখন নানা সমালোচনা হচ্ছে। গ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি- এমনটাই বলছেন অনেকেই।
ব্যাপক বিতর্কের মুখে গত ৪ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দাবি করেন, নির্বাচনের আগেই আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে আলোচনা করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এবং তাদের সম্মতি ছিল। এমন না যে, এটা আমরা অন্ধকারে করেছি।