জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে হবে: চরমোনাই পীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে হবে: চরমোনাই পীর
বুধবার রাতে বরিশালের চরমোনাইতে দলের নবনির্বাচিত সচিব পর্ষদের সঙ্গে বৈঠকে কথা বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

জুলাইকে লোক দেখানো আনুষ্ঠানিকতায় স্মরণ না করে জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বুধবার (১ জুলাই) রাতে বরিশালের চরমোনাইতে দলের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ নবনির্বাচিত সচিব পর্ষদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাই-আগস্টে প্রচলিত রাজনীতির বাইরে থাকা ছাত্র-জনতা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আন্দোলনকে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। গুলির সামনে বুক পেতে দিয়েছিল। বাচ্চারা রাস্তায় লড়াই করেছিল।

জুলাই শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না জানিয়ে চরমোনাই পীর বলেন, জুলাই শুধুই ক্ষমতার পালাবদল ছিল না। বরং জুলাই ছিল স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের আন্দোলন।

তিনি বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পায় আইনে বিদ্যমান সুযোগ নিয়ে। জুলাই সেই আইনি সুযোগগুলোর লোপ চেয়েছিল। কিন্তু হতাশাজনক সত্য হলো, জুলাইয়ের রক্তের পথ ধরে সৃষ্ট সংসদে সংস্কারের আলোচনার কোনো স্থান নেই।

ইসলামী আন্দোলনের আমির বলেন, পতিত ফ্যাসিবাদের মধ্যে অনুতাপ নেই। বরং তাদের মধ্যে জুলাইয়ের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ মনোভাব এখনো বিদ্যমান। ফলে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিষয়টি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা যাচ্ছে।

পালাতক অপরাধীদের ধরতে সরকারের উদ্যোগকে আরও দৃশ্যমান করতে হবে বলে জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম দমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও শেখ ফজলুল করীম মারুফ।