আলী খামেনির মরদেহে শ্রদ্ধা জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ প্রতিনিধিদল। পরে তিনি তেহরানে রাখা আলী খামেনির মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তারা রাজধানী তেহরানে পৌঁছান।
বাংলাদেশ সময় পৌনে ১টায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে।
সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য উপস্থিত হয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে জানিয়েছেন।
আগামীকাল শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
প্রয়াত আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। এ সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। আলী খামেনির সঙ্গে তার কন্যা, জামাতা ও নাতনির জানাজাও অনুষ্ঠিত হবে।





