জামায়াত মহিলা বিভাগের ৭ দফা দাবি

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি তুলে ধরা হয়।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপির সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় মানববন্ধনে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা অভিযোগ করেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় বিচারকাজে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার নারীরা আইনের আশ্রয় নিতে ভয় পান। তাই বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়া নারীর মৌলিক অধিকার হলেও সমাজে এটিকে অনুগ্রহ হিসেবে দেখা হয়।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধের দাবি জানান। অন্যদিকে, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা বলেন, রাজপথ থেকে সংসদ নারীরা কোথাও নিরাপদ নন। রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য নুরুন্নাহার পলি।
কর্মসূচি থেকে উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো—
১. নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে এবং ভুক্তভোগীকে হয়রানি বা আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করতে হবে।
২. ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন মামলার তদন্ত ও বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে প্রভাবমুক্তভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন ও জনসমাগমস্থলে কেবল ঘোষণায় সীমাবদ্ধ না রেখে নারীর নিরাপত্তার বাস্তব পরিবেশ সৃষ্টি করতে হবে।
৪. নির্যাতিত নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৫. অনলাইনে নারীর প্রতি হুমকি, অশ্লীলতা, ব্ল্যাকমেইল ও সাইবার সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৬. নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
৭. নির্যাতনের শিকার বা ঝুঁকিতে থাকা নারীরা যেন একাকিত্ব বা অবিশ্বাসের মুখোমুখি না হন, সেজন্য স্থানীয় পর্যায়ে কার্যকর সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
