Advertisement

যেকোনো মুহূর্তে ছাত্রদলের কমিটি ঘোষণা, শেষ মুহূর্তে আলোচনায় যারা

এশিয়া পোস্ট প্রতিবেদক
যেকোনো মুহূর্তে ছাত্রদলের কমিটি ঘোষণা, শেষ মুহূর্তে আলোচনায় যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়ার কাজ শেষ পর্যায়ে। দলীয় হাইকমান্ড সূত্রে জানা গেছে, যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি আজই ঘোষণা হতে পারে। বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও ত্যাগী নেতাদের সমন্বয়ে সংগঠনকে আরও গতিশীল করতেই মূলত এই পুনর্গঠনপ্রক্রিয়া।

Advertisement

হাইকমান্ডের বৈঠক ও 'সুপার ফাইভের' বিদায়

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার (সুপার ফাইভ) সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

এ সমসয় বৈঠকে উপস্থিত ছিলেন—সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এশিয়া পোস্টকে জানান, তারেক রহমান গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্বের বিষয়ে তাদের মতামত ও নাম সংগ্রহ করেছেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

নতুন কমিটিতে শীর্ষ দুই পদের দৌড়ে যারা এগিয়ে

২০২৪ সালের ১ মার্চ গঠিত কমিটির মেয়াদ চলতি বছরের মার্চে শেষ হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই প্রধান পদের জন্য বিভিন্ন শিক্ষাবর্ষের একঝাঁক নেতা আলোচনায় রয়েছেন।

সভাপতি পদে যারা আলোচনায়

২০০৮-০৯ শিক্ষাবর্ষ: খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম ও এজাজুল কবির রুয়েল।

২০০৯-১০ শিক্ষাবর্ষ: বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান (যিনি বেশ জোরালো অবস্থানে আছেন), মমিনুল ইসলাম জিসান, মোস্তাফিজুর রহমান, ঢাবির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শরীফ প্রধান শুভ ও ফারুক হোসেন।

সাধারণ সম্পাদক পদে যারা আলোচনায়

২০১০-১১ শিক্ষাবর্ষ: ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, তারিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক ও মাসুম বিল্লাহ।

২০১১-১২ শিক্ষাবর্ষ: রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, মিনহাজ আহমেদ প্রিন্স এবং নাসির উদ্দীন শাওন।

হাইকমান্ডের বার্তা

ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, সাংগঠনিক গতিশীলতা রক্ষায় নেতৃত্ব পরিবর্তন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। নতুন কমিটিতে ত্যাগীরা অবশ্যই মূল্যায়ন পাবে।

বর্তমানে পদপ্রত্যাশীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবির চললেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকেই। ফলে নতুন এই কমিটির বিষয়ে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তীব্র কৌতূহল বিরাজ করছে।

দলীয় সূত্রগুলো বলছে, নতুন কমিটি গঠনে সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ‘সুপার ফাইভ’ পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত তালিকায় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মূলত রাজপথের নতুন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ছাত্রদলকে আরও সক্রিয় করার পরিকল্পনা থেকেই এই পুনর্গঠন প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন অত্যন্ত স্পর্শকাতর। শুধু রাজপথের আন্দোলনে দক্ষ হওয়াই যথেষ্ট নয়, বরং পরিবর্তিত পরিস্থিতিতে বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক রাজনীতিতে ভূমিকা রাখতে পারে, এমন শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতাদের আনাই বিএনপির সার্বিক রাজনীতির জন্য ইতিবাচক হবে।