logo

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে শুক্রবার (১০ এপ্রিল)। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে; যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, একই দিন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন ১২ এপ্রিল।

এর আগে আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তপশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করার তারিখ নির্ধারণ হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এদিকে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনের ৩৬টি পাবে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। দলটির নেতারা বলছেন, শেষ পর্যন্ত প্রার্থিতা বাছাইয়ে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে।

আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদের সাধারণ আসনে যে দল যত আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত ৫০ আসন তাদের মধ্যে বণ্টন করা হয়। এবার বিএনপি এককভাবে ২১৩টি আসনে জয় পাওয়ায় ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে। অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা সাত আসনে জয়ী হওয়ায় তারাও একটি সংরক্ষিত আসন পাবেন। বাকি ১৩টি পাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট।