রিফাত রশিদসহ তিনজনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের রিফাত রশিদসহ তিনজনের বিরুদ্ধে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সরকারি অনুদানের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এ অভিযোগ করেন।
এ সময় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। তার দাবি, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সরকারি অনুদানের কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা।
সিনথিয়া জাহিন আয়েশা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীন নয়; এটি সাধারণ মানুষের একটি উদ্যোগ। তাই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অর্থ ব্যক্তিগতভাবে ব্যয় করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, এই টাকা কোথায় কীভাবে ব্যবহার হয়েছে, সে সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ অডিট পরিচালনা করা হোক এবং যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।