Advertisement

হাসিনা ফোন করে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন: এমপি খোকন তালুকদার

এশিয়া পোস্ট প্রতিবেদক
হাসিনা ফোন করে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন: এমপি খোকন তালুকদার
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝেমধ্যে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তাদের মানসিকভাবে চাঙা রাখার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, এসব নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং রাজপথে নামানো কৌশলমাত্র।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ এসে এসব কথা বলেন তিনি।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পাবে কি না, সে সিদ্ধান্ত দেশের জনগণই নেবে। কোনো রাজনৈতিক দলের টিকে থাকা বা ফিরে আসা জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করে।

আওয়ামী লীগ বা যে কোনো দলের রাজনীতি মূলত নেতাকর্মীদের হৃদয়ের বিষয় জানিয়ে তিনি বলেন, কাউকে জোর করে বা নির্যাতন করে কোনো দল থেকে সরিয়ে দেওয়া যায় না। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তাকে বিএনপির রাজনীতি থেকে সরানো সম্ভব হয়নি।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন কি না, সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। গত ১৫ থেকে ১৬ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফিরে আসা সহজ হবে না।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেন তিনি।