জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: সেলিম উদ্দিন

রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকারকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে উত্তরার একটি স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান উদ্যাপন কমিটি, উত্তরা এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম। সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইকে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা ও অর্জন ক্ষুণ্ন হলে দেশ ও জাতিসত্তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। জুলাই গণ-অভ্যুত্থান শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেও একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক অধ্যায়।
তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে সেই অর্জন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করছে এবং সংবিধানের অপব্যাখ্যা দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় এর রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নইলে ইতিহাস ক্ষমা করবে না।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোররা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের নানা বিষয় চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।
.png)






