logo

জামায়াতের সঙ্গে জোট নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন হান্নান মাসুদ

জামায়াতের সঙ্গে জোট নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন হান্নান মাসুদ

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জামায়াতের সঙ্গে জোট নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বার্তায় সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বার্তায় হান্নান মাসুদ বলেন, আমি বলেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরও বেশি সম্মানজনক মনে হতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারিনি। এছাড়াও আমি বলেছিলাম, জামায়াতের সঙ্গে জোট করাটা ভুল ছিল বলব না। পরিবেশ এবং সময় সেদিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম আরও ভালো হতো।

তিনি বলেন, বক্তব্যের আরেকটি অংশে আমি বলেছিলাম, জামায়াতের সঙ্গে জোট না হলে এককভাবে এনসিপি হয় তো ৩-৪টি আসন পেত। কিন্তু কোথাও আমি বলিনি যে, জোট না করলে আমরা ৩-৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে কিছু ব্যক্তি, পেজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং এমনভাবে প্রচার করছে যেন আমি বলেছি, জামায়াতের সঙ্গে জোট না করলে আমরা আরও ৩-৪টি আসন বেশি পেতাম। এটি আমার বক্তব্যের সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।

হান্নান মাসুদ বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—আমার বক্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয়।

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেবেন।