ধৈর্যের বাঁধ ভাঙবেন না : মির্জা আব্বাস

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেওয়া হবে না। আমি সহ্য করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না।
রাজধানীর পল্টনে শনিবার (৩১ জানুয়ারি) ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, কিছু ছেলেপেলে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা তার খবর নেই আমার নাম নিয়ে শুরু করে।
তিনি বলেন, মির্জা আব্বাসকে বকা দেওয়া ছাড়া পৃথিবীতে তাদের আর কোনো কাজ নেই। শেখ হাসিনার হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা হয়েছে, সে রকম এসব অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, হাসিনা যাওয়ার পর দেশের মানুষ যতটা ভালো থাকার কথা ছিল ততটা ভালো থাকতে পারেনি। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে।
মির্জা আব্বাস বলেন, ১২ তারিখে ঠিক করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কারণ সেদিন খারাপ কিছু হওয়ার শঙ্কা আছে। একটি দল ৪০ লাখ বোরকা বানিয়েছে বলে শোনা যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে ফল দিতে তিন দিন লাগবে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে, সেটা সরকারকে বের করার অনুরোধ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, ফল দিতে ১২ ঘণ্টার বেশি দেরি হলে বুঝতে হবে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না।