logo

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দিয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের উদ্দেশে সারজিস আলম বলেন, ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। আপনারা ছাত্ররাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে অভিনয় প্রতিযোগিতা চলছে।

এনসিপির এই নেতা দাবি করেন, দেশে সমঝোতার রাজনীতি শুরুর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হতে হবে। 

ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।