logo

তেলের লাইন ও জ্যামে আটকা বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটেই গেলেন গন্তব্যে

তেলের লাইন ও জ্যামে আটকা বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটেই গেলেন গন্তব্যে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি জ্বালানি তেলের দীর্ঘ লাইন ও যানজটে আটকে পড়েছিল। ফলে তিনি নির্ধারিত অনুষ্ঠানে সঠিক সময়ে উপস্থিত হতে পারেননি।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে এমন বিড়ম্বনার শিকার হন। পরে তিনি হেঁটে ওই অনুষ্ঠানে যোগ দেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান জানান, প্রেসক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় দেরিতে আসার কারণ ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন তিনি। 

এ সময় জামায়াত আমির বলেন, আজ তেলের অভাবে ও গাড়ির চাপে আমার নিজের গাড়ির তেলও প্রায় শেষ হওয়ার উপক্রম। এক ঘণ্টার মতো রাস্তায় আটকে ছিলাম। একদিকে তেল পাচ্ছি না, অন্যদিকে যানজটে আটকে থেকে যতটুকু তেল ছিল তাও শেষের পথে।

তিনি বলেন, একটি পাম্পের লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, লাইনের পর লাইন। চাকা আর ঘোরে না। অথচ আমাদের মন্ত্রীরা বলেন, আগের চেয়ে তেলের রিজার্ভ এখন অনেক বেশি; কেবল চাহিদা বেড়ে গেছে। যদি তাই হয়, তবে ব্যবস্থাপনার দুর্বলতা তোমরা শুধরে নিচ্ছ না কেন? জনগণকে কেন ভোগাচ্ছ? 

তিনি বলেন, সংসদে যখনই সরকারি দলের মন্ত্রী-এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, বরং তরল সোনার নহর বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, তখন আমাদের নোটিশ আলোচনায় আসতেই দেওয়া হয় না। সত্য জনগণের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা এমনটা করেন।