রাষ্ট্র সংস্কার ও দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জামায়াত আমিরের

প্রবাসে অবস্থান করেও নিজ নিজ ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, ‘একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ইমান ও মূল্যবোধ অটুট রাখতে হবে। প্রবাসীদের শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে নিজ দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।’
দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখার তাগিদ দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নিজেদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি অর্জিত অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রবাসীদের উদ্যোগী হতে হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সভায় অংশ নেন।







