পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি, জামায়াতের বিবৃতি

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে। মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমি তার এমন আগ্রাসনমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সতর্ক করে তিনি আরও বলেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে ভয় পায় না। যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে।
আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক ভারতীয় কর্তৃপক্ষ বজায় রাখবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানি প্রদান থেকে বিরত থাকবে। একই সঙ্গে চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।
সরকারের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সরকারের একজন মন্ত্রীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার শামিল। বর্তমান সরকারকে কূটনৈতিকভাবে আধিপত্যবাদী ও আগ্রাসী বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করতে হবে।

