logo

‘ঢাকা ইউনিভার্সিটিত্তুন মেট্রিক পাস করছে এমপি মনিরুল’

‘ঢাকা ইউনিভার্সিটিত্তুন মেট্রিক পাস করছে এমপি মনিরুল’

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস বলে কটাক্ষ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। গত সোমবার (২৩ মার্চ) লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। 

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এর আগেও এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে এমপি মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, ‘কুমিল্লা-৯ আসনের এমপি ছিলেন আমাদের-আপনাদের সবার প্রিয় নেতা মনিরুল হক চৌধুরী। তো উনি, ঢাকা ইউনিভার্সিটিত্তুন (থেকে) মেট্রিক পাস করছে। উনি এই এলাকা ছেড়ে কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় চলে গেছে। আপনারা উনাকে পাঠিয়ে দিয়েছেন, না কি উনি আপনাদের ছেড়ে চলে গেছে?’

তিনি আরও বলেন, ‘ওইদিন মসজিদে বলেছিলাম—বউয়ের লগে ছাড়াছাড়ি হয়ে গেলে ওই বউয়ের লগে (সঙ্গে) দেখা করা বিদাআত ছিল। এখন, ছাড়ি দেইন্না (তালাক হয়ে যাওয়া) বউ ইগা বলে বান্ধবী অয়, হে বান্ধবীর ঘরে ছুটকিয়াও (সন্তান) অয়। উনি চলে গেল ৬ নির্বাচনি এলাকায়। কত বড় নেতা, কত বড় ক্ষমতাপ্রাপ্ত! অন (এখন) ইয়ানে (এখানে) আই (এসে) সুড়সুড়ি দেয়।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম বলেন, ‘তিনি কেন এমন মন্তব্য করেছেন ওনার সঙ্গে কথা বললে জানা যাবে। হয়ত তিনি দুষ্টমির ছলে বলেছেন।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন বলেন, মোবাশ্বের আলম এমপি নির্বাচিত হলেও তার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আমার জানামতে, একটি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ‘মেট্রিক পাসের’ বিষয়েও তার সুস্পষ্ট ধারণা আছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। তিনি জেনে মন্তব্য করেছেন, নাকি না জেনে, তা আমার জানা নেই। তবে না জেনে থাকলে ভবিষ্যতে জাতীয় নেতাদের সম্পর্কে মন্তব্য করার আগে বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া উচিত।

মনিরুল হক চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মনিরুল হক চৌধুরী একজন খ্যাতিমান ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং ছাত্রলীগের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সেখান থেকে দুটি বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।’

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, এমপি মোবাশ্বের আলম আরেকবার ঢাকা থেকে কুমিল্লাকে ‘মানুষের প্রস্রাব করার জায়গা’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সাম্প্রতিক মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে- একজন অযোগ্য ব্যক্তিকে কেন এমপি বানানো হলো।

ওই বক্তব্যের বিষয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, ‘এক আসনের এমপি হয়ে অন্য আসনে এসে মাতব্বরি করার কোনো যৌক্তিকতা নেই; আমি সে কারণেই বিষয়টি তুলে ধরেছি। তার তো প্রমোশন হয়েছে, তাহলে তিনি ডিমোশনের মতো আচরণ করছেন কেন? ৬ নম্বর আসনের এমপি হয়ে ১০ নম্বর আসনে এসে দাওয়াত খাওয়া, অনুষ্ঠান করা—এটা কি শোভনীয়? আমি কি কখনো ৬ নম্বর আসনে গিয়ে এমন কিছু করি?’

তিনি আরও বলেন, ‘একজন যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকেন, তাহলে তার তো সামনে এগোনোর কথা, পেছনের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আমি কি এতে কোনো খারাপ কথা বলেছি? তিনি শহরের এমপি, তাহলে বারবার গ্রামে এসে অন্য আসনের বিষয়ে হস্তক্ষেপ করছেন কেন, এটাই আমার প্রশ্ন।’

এমপি মনিরুল হক চৌধুরী বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। এ বিষয়ে তার মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি নেওয়া মনিরুল হক চৌধুরী এবার বিএনপির মনোনয়নে কুমিল্লা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টি থেকে কুমিল্লা-৯ আসনে দুবার নির্বাচন করে জয়ী হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৭৪ সালে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা মনিরুল হক কুমিল্লা-১০ আসন থেকেও একবার নির্বাচন করেন।