আন্দোলন-সংগ্রাম করেছি বলেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি: কাফি

আমরা রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি বলেই আজকে এ দেশের মানুষ একটি স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার পেয়েছে বলে মন্তব্য করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্টের সেই গণ-অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমাদের প্রতিটি মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো অথবা জেল-জুলুম খাটতে হতো। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি।
নুরুজ্জামান কাফি বলেন, ব্যক্তিগতভাবে তার অনেক ক্ষতি হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু দিনশেষে যখন তিনি দেখেন যে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, তখন সেই ব্যক্তিগত কষ্টগুলো সার্থক মনে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়াই ছিল তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, এখন বাংলাদেশে অনেকটা সংস্কার হয়েছে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। কোনো নেতা চাইলে এখন আগের মতো যত্রতত্র চাঁদাবাজি করতে পারছে না। এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে প্রতিটি মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
