logo

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য।

এদিকে, সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা বিধানের স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।