logo

কারিনা কায়সারের জানাজায় যোগ দেওয়ার আহ্বান হাসনাতের

কারিনা কায়সারের জানাজায় যোগ দেওয়ার আহ্বান হাসনাতের
হাসনাত আব্দুল্লাহ ও কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৭ মে) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাইয়ের সকল সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠনকে কারিনা কায়সারের জানাজায় যোগ দেওয়া আহ্বান জানান।

তিনি লেখেন, ‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।’

হাসনাত লেখেন, ‘জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাতে চাই। সকলকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’

আজ রোববার বিভিন্ন স্থানে তিনটি জানাজার পর আগামীকাল (১৮ মে) চতুর্থ জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তার লাশ দাফন করা হবে।

কারিনার বাবা কায়সার হামিদ ফেসবুকে এক পোস্টে জানান, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। পরে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।

কায়সার হামিদ ওই পোস্টে জানাজার বিস্তারিত সময়সূচি জানিয়েছেন। বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা হবে।

দ্বিতীয় জানাজা শেষে কারিনার লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাত ১০টায় হবে তৃতীয় জানাজা। আগামীকাল (১৮ মে) শেষ জানাজার পর তার লাশ দাফন করা হবে।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে কারিনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।