logo
Advertisement
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে রিজভীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এশিয়া পোস্ট প্রতিবেদক
সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে রিজভীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : গণমাধ্যম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সোমবার (৩১ আগস্ট) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বাণীতে রুহুল কবির রিজভী বলেন, ৪৮ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শুভ এই দিনে তিনি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য আত্মত্যাগকারী সকল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। শহীদ জিয়া প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে ‘বাংলাদেশি পরিচয়’কে প্রতিটি নাগরিকের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, সার্বভৌমত্ব রক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।

দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করতে বিএনপি সরকার কাজ করছে। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং নারী-শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আগামী দিনেও জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন থাকবে বলে জানান তিনি।