logo

হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

জামায়াতের সমর্থিত ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে এক নারীর বক্তব্য দেওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শবনম খাদিজা নামে ওই নারী নিজেকে হাদির বোন পরিচয় দেন। এনসিপির পক্ষ থেকেও একই দাবি করা হয়। তবে হাদির স্ত্রী জানান, ওই নারী তাদের পরিবারের কেউ নন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে শবনম খাদিজা আবেগঘন বক্তব্য দেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ফেসবুকে একটি পোস্ট করেন। 

তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার অনুরোধ জানাচ্ছি। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে তার আদর্শ ধারণ করে, তাতে আমাদের কোনো বাধা নেই।

‘আপনারা রাজনৈতিক দলগুলো যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সবসময় বলে এসেছি কোনো দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন, সে যে দলের হোক। আর অবশ্যই ‘হ্যা’ ভোট দিতে ভুল করবেন না। 

ওসমান হাদির স্ত্রীর পোস্টটি শেয়ার করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের মন্তব্য করেন, পরিবারের দেওয়া তথ্যমতে, বক্তব্য দেওয়া ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন। 

এদিকে, হাদির আপন বোন না হলেও শবনম খাদিজাকে তার ফুফাতো বোন বলে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন এনসিপির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।

তিনি লিখেছেন, আজকে নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরীফ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির পিতার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা। 

‘ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। শবনম খাদিজার পিতা মাওলানা আব্দুর রশিদ, মাতা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদির পিতা মরহুম শরীফ আব্দুল হাদি তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেত পুর।’

bigStoryContent

এনসিপির এই ডেপুটি চিফ অরগানাইজার আরও লেখেন, আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।