logo

১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন, দাবি রাশেদ খাঁনের

১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন, দাবি রাশেদ খাঁনের
রাশেদ খাঁন ও শেখ হাসিনা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

Advertisement

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

শেখ হাসিনা শনিবার রাতে ফেসবুক লাইভে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তার ভাষ্য, ওই লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ অন্য এক জায়গায় তিনি বলেছেন, ‘সুযোগ পেলে যাব।’

রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন; এমন কথা একবারও স্পষ্ট করে বলেননি। তার মতে, এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন।

পোস্টে দেশে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারিও দেন রাশেদ খান। তিনি বলেন, বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালাতে পারবে না।

শেখ হাসিনার অডিও বক্তব্যের পর সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্যথায় বাংলাদেশের জনগণের নতুন করে গণপ্রতিরোধের মুখে পড়লে কারও অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি বাগেরহাটবাসীর প্রতিরোধের কথা উল্লেখ করেন।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট